পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৪৮৭ জন, অস্ত্র উদ্ধার
দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মামলা ও ওয়ারেন্টভুক্ত ১,০১৫ জনসহ মোট ১,৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ বিপুল সংখ্যক সরঞ্জাম।
শুক্রবার (৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশের সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর এসব তথ্য জানান।
তিনি জানান, বিভিন্ন জেলার আইন-শৃঙ্খলা বাহিনী একযোগে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১,০১৫ আসামি ও অন্যান্য অভিযোগে ৪৭২ জনকে গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয় একটি ৭.৬২ মি.মি চায়না এসএমজি, চারটি একনলা বন্দুক, একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, একটি সিলিং, ৩০ রাউন্ড গুলি, ২টি কার্তুজ, এবং বেশ কিছু দেশীয় অস্ত্র—যেমন ছুরি, চাপাতি, দাঁ, কিরিচ ও লোহার সাইকেলের চেইন।
পুলিশ বলছে, আসন্ন জাতীয় নির্বাচন, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক-সন্ত্রাস নির্মূলের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


