নামাজ পড়তে গিয়ে নিখোঁজ জনতা ব্যাংকের ডিজিএম

জাতীয়
নামাজ পড়তে গিয়ে নিখোঁজ জনতা ব্যাংকের ডিজিএম
নিউজ ডেস্ক
৫ জুলাই ২০২৫

জনতা ব্যাংকের মতিঝিল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মুশফিকুর রহমান নান্নু (৫৮) শুক্রবার দুপুরে নামাজ পড়তে গিয়ে আর বাসায় ফেরেননি। তার পরিবারের পক্ষ থেকে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মো. জিয়াউর রহমান, যিনি শনিবার (৫ জুলাই) থানায় জিডি করেন।

তিনি জানান, “গতকাল (৪ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে ভাই বাসা থেকে বের হন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে। কিন্তু পাশের মসজিদে না গিয়ে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি রিকশায় উঠেছেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মুশফিকুর রহমান বাসা থেকে মোবাইল ফোন ছাড়াই বেরিয়েছিলেন বলে জানান তার পরিবার। নামাজ শেষে না ফেরায় আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোথাও তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। পরে শনিবার সকালে থানায় ডায়েরি করা হয়।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন রাসেল জানান, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিনি রিকশায় উঠে খিলক্ষেত বাজারের দিকে যাচ্ছেন। আশপাশের আরও সিসি ক্যামেরা যাচাই করা হচ্ছে। নিখোঁজ হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”

মুশফিকুর রহমানের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তার সহকর্মী ও বন্ধুরাও তাকে খুঁজে বের করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা চাচ্ছেন।

নিখোঁজ ব্যক্তির গায়ে কালো পাঞ্জাবি ও সাদা পায়জামা ছিল বলে জানিয়েছে পরিবার। কারো কাছে কোনো তথ্য থাকলে খিলক্ষেত থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।