আশুরার আত্মত্যাগ মানবতার জন্য অনন্ত প্রেরণা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

জাতীয়
আশুরার আত্মত্যাগ মানবতার জন্য অনন্ত প্রেরণা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক
৫ জুলাই ২০২৫

পবিত্র আশুরা উপলক্ষে এক বাণীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কারবালার শহীদদের স্মরণ করে বলেন, “জুলুম-অবিচারের বিরুদ্ধে ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ সত্য ও ন্যায়ের পথে চলার জন্য মানবজাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে।”

শনিবার দেওয়া এই বাণীতে তিনি বলেন, “পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) এবং কারবালায় শাহাদতবরণকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।”

অধ্যাপক ইউনূস বলেন, “ইসলামের মহান আদর্শ রক্ষায় ৬১ হিজরির ১০ মহররম কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রা.) এবং তার পরিবার ও সঙ্গীরা আত্মোৎসর্গ করেন। সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম ইসলামকে রক্ষা করতে তারা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেননি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “এই আত্মত্যাগ চিরকাল অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে থাকবে এবং মানবজাতিকে সাহস ও প্রেরণা জোগাবে।”

বাণীতে আরও উল্লেখ করা হয়, “কারবালার ঘটনাকে ছাড়াও পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। হাদিস শরিফ অনুযায়ী, রাসুল (সা.) এ দিনে রোজা রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন, যা আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”

প্রধান উপদেষ্টা মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির উপর গুরুত্বারোপ করে বলেন, “আসুন, আমরা আশুরার শিক্ষা অনুসরণ করে সমাজে ন্যায়, সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় নিজেদের নিয়োজিত করি। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে তার সন্তুষ্টি অর্জনের তাওফিক দেন।”