জুলাই আন্দোলনে আহতদের জন্য ফ্ল্যাট: মিরপুরে ১,৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার
জুলাই গণ-অভ্যুত্থানে গুরুতর আহতদের পুনর্বাসনের অংশ হিসেবে রাজধানীর মিরপুরে ১,৫৬০টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্মিতব্য এ ফ্ল্যাটগুলো থাকবে মিরপুর ৯ নম্বরে সংরক্ষিত সরকারি জমিতে। পুরো প্রকল্পে সরকারের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৪৪ কোটি টাকা।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ফ্ল্যাট হবে ১,২৫০ বর্গফুট আয়তনের, যাতে থাকবে দুটি শয়নকক্ষ, একটি বসার ঘর, একটি লিভিং রুম, একটি খাবার ঘর, রান্নাঘর ও তিনটি টয়লেট। বিশেষভাবে পরিকল্পিত একটি কক্ষ থাকবে আহত ও পঙ্গু ব্যক্তির জন্য, যাতে থাকবে তাদের প্রয়োজনীয় সহায়ক সব সুবিধা।
গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মো. নুরুল বাসির বলেন, “আহতদের জীবনের মান উন্নয়নই আমাদের লক্ষ্য। এই ফ্ল্যাটগুলো আধুনিক, নিরাপদ এবং শারীরিকভাবে অক্ষমদের চলাচলের উপযোগী করেই নির্মাণ করা হবে। প্রকল্পটি সম্পন্ন করতে সময় লাগবে প্রায় চার বছর।”
সরকারি তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলনে ৪৯৩ জন ‘অতি গুরুতর আহত’ এবং ৯০৮ জন ‘গুরুতর আহত’ হিসেবে চিহ্নিত হয়েছেন। সব মিলিয়ে ফ্ল্যাট বরাদ্দের জন্য তালিকাভুক্ত গুরুতর আহতের সংখ্যা ১ হাজার ৪০১ জন।
প্রকল্পের অনুমোদনের জন্য চলতি মাসেই একনেক সভায় প্রস্তাব উঠবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একইসঙ্গে শহীদ ও আহতদের জন্য দুটি পৃথক পুনর্বাসন প্রকল্প গ্রহণেরও কথা রয়েছে, যেগুলো ২০২৯ সালের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এই উদ্যোগকে বিশেষজ্ঞরা বলছেন, “আহতদের জীবনে স্থায়ী পুনর্বাসন এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতের পথে এটি বড় পদক্ষেপ।”


