“ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা হুমকি, ফ্লাইট স্থগিত”

জাতীয়
“ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা হুমকি, ফ্লাইট স্থগিত”
নিউজ ডেস্ক
১১ জুলাই ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (১১ জুলাই) বিকেলে বোমা থাকার হুমকিতে স্থগিত করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাঠমান্ডুগামী একটি ফ্লাইট। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় উড়োজাহাজে থাকা সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে একটি অজ্ঞাতনামা ফোনকলের মাধ্যমে ফ্লাইটটিতে বোমা থাকার আশঙ্কা প্রকাশ করা হয়।

বিমান কর্তৃপক্ষ জানায়, হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যাত্রীদের তাৎক্ষণিকভাবে নামিয়ে নেওয়া হয় এবং বিমানবন্দরের বোম্ব ডিসপোজাল ইউনিট উড়োজাহাজে তল্লাশি শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো বিস্ফোরক দ্রব্যের সন্ধান পাওয়া যায়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার এ বি এম রওশন কবীর বলেন, “যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।”

উড়োজাহাজটি চালানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। ঘটনার সময় ফ্লাইটে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হননি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হুমকির উৎস শনাক্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত শুরু হয়েছে।