আবারও সাজা মওকুফে মুক্তি, কারাগার ছাড়লেন আরও ২৯ যাবজ্জীবনপ্রাপ্ত বন্দি
চলতি বছরে তৃতীয় দফায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের সাজা মওকুফ করে মুক্তি দিয়েছে সরকার। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, কারাভোগের ২০ বছর অতিক্রম করা আরও ২৯ জন বন্দিকে অবশিষ্ট সাজা থেকে মুক্ত করে কারাগার থেকে ছাড়া হয়েছে।
রোববার (১৩ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কারা সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারা বিধির ৫৬৯ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় সরকারের ক্ষমতা অনুযায়ী এ মুক্তির আদেশ প্রদান করা হয়েছে।
এই ধারা অনুযায়ী, সরকার বিশেষ বিবেচনায় যেকোনো সাজাপ্রাপ্ত ব্যক্তিকে সম্পূর্ণ বা আংশিক সাজা মওকুফ করে মুক্তি দিতে পারে।
এই নিয়ে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১০৭ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দেওয়া হলো। সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘমেয়াদি কারাভোগের পাশাপাশি বন্দিদের আচরণ, পুনর্বাসনের সম্ভাবনা এবং পরিবারের সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কারা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, “এই ধরনের মুক্তি মানবিক বিবেচনায় দেওয়া হয়। সমাজে তাদের পুনঃস্থাপনের সুযোগ তৈরি হলে অপরাধ প্রবণতা কমে আসবে বলে আমরা বিশ্বাস করি।”
বাংলাদেশে যাবজ্জীবন সাজা মানে কার্যত ৩০ বছর, তবে আইন অনুযায়ী ২০ বছর সাজা ভোগের পর রাষ্ট্রপতির অনুমোদন ও সরকারের বিশেষ বিবেচনায় মুক্তির সুযোগ রয়েছে।


