সোহাগ হত্যাকাণ্ডে ব্যবসায়ী সমিতির ৭ দিনের আলটিমেটাম
পুরান ঢাকার মৌলভীবাজারে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে প্রকাশ্যে পাথর ছুড়ে হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিশ্চিত ও দায়ীদের গ্রেপ্তারে ৬ দফা দাবি পেশ করে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি।
সোমবার (১৪ জুলাই) সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন নেতারা। তাঁরা বলেন, “এ হত্যাকাণ্ড গোটা ব্যবসায়ী সমাজকে ভীত ও স্তব্ধ করে দিয়েছে। নিরাপত্তা ছাড়া ব্যবসা সম্ভব নয়।”
৬ দফা দাবি সংক্ষেপে:
১. সোহাগ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার
২. ব্যবসায়ী এলাকায় সেনা টহল
৩. সাত দিনের মধ্যে দায়ীদের গ্রেপ্তার
৪. পুরান ঢাকায় নিরাপত্তা জোরদার
5. কিশোর গ্যাং ও চাঁদাবাজি দমনে কঠোর ব্যবস্থা
৬. দাবি মানা না হলে দেশজুড়ে আন্দোলন
ব্যবসায়ী নেতা হাজি বশির উদ্দিন বলেন, “যেভাবে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে, তা জঙ্গলেরও নিয়ম না। হত্যার পরও অনেকে মামলা থেকে বাদ, আবার নিরপরাধদের যুক্ত করা হয়েছে—এ কেমন তদন্ত?”
গরম মসলা সমিতির সভাপতি হাফেজ এনায়েতুল্লাহ বলেন, “চাঁদাবাজি আর সহ্য করা হবে না। আত্মরক্ষায় দোকানে বাঁশের লাঠি রাখার প্রস্তুতি নিতে হবে।”
এফবিসিসিআই’র সাবেক পরিচালক হারুন বলেন, “পুরান ঢাকায় প্রতিদিন সারা দেশ থেকে ব্যবসায়ী আসেন। এখন নিরাপত্তাহীনতায় ব্যবসার পরিবেশ হুমকির মুখে।”
ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সালাম বলেন, “৫০০ জন ব্যবসায়ী কেন ৫ জন সন্ত্রাসীর কাছে জিম্মি থাকবে? এবার প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
নেতারা জানান, সময়মতো দাবি মানা না হলে শুধু ব্যবসায়ী নয়, ঢাকার প্রতিটি বাজারে বিক্ষোভ হবে। পাশাপাশি সরকারকে চূড়ান্ত অবস্থান নিতে হবে, ব্যবসায়ী সমাজকে নিরাপত্তা দিতে হবে।


