জাতীয় সমাবেশ ঘিরে শাহবাগে যান চলাচল নিয়ন্ত্রিত, স্বেচ্ছাসেবকদের নজরদারি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই এলাকাগুলোতে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিকশা এবং অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
সকাল থেকেই শাহবাগ মোড়, বাংলামোটর, ও সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন জামায়াতের স্বেচ্ছাসেবকরা। দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার স্বেচ্ছাসেবক কিবরিয়া জানান, “আমরা প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক শুরু থেকে দায়িত্ব পালন করছি। পরিস্থিতি অনুযায়ী সংখ্যা আরও বাড়ানো হবে।”
তিনি বলেন, “শাহবাগ পরিপূর্ণ না হওয়া পর্যন্ত ব্যক্তিগত যানবাহন চলতে দেওয়া হবে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা প্রদানকারীদের আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশ জামায়াতের পক্ষ থেকে একটি বড় রাজনৈতিক বার্তা। তবে সমাবেশ ঘিরে সৃষ্ট যানজট ও সাধারণ মানুষের ভোগান্তিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।


