উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

জাতীয়
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
নিউজ ডেস্ক
২১ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান। এটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিদুল ইসলাম বলেন, “মাইলস্টোন কলেজের কাছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত তথ্য যাচাই করে জানানো হবে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিমান দুর্ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়া দেখা গেলে অনেকেই নিরাপদ দূরত্বে সরে যান। দুর্ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন।