উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতদের নিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার এক শোকবার্তায় তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং আহতদের পাশে থাকার আশ্বাস দেন।
শোকবার্তায় ড. ইউনূস বলেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তা জাতির জন্য এক গভীর বেদনার মুহূর্ত। এতে বিমানসেনা, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবার প্রতি গভীর সমবেদনা জানাই।”
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দ্রুত তদন্তের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হবে এবং দ্রুততম সময়ে প্রতিবেদন উপস্থাপন করা হবে।”
তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র এবং প্রশাসনিক সংস্থাগুলোর প্রতি নির্দেশনা দিয়েছেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এফ-৭ বিজিআই মডেলের বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় আশপাশে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকেই স্কুলের শিক্ষার্থী।
ড. ইউনূস বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জাতি যেন ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করে, সে প্রত্যাশা করি। আমরা সবাই যেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই—এটাই এখন সবচেয়ে জরুরি।”


