উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতীয় শোক ঘোষণা, মঙ্গলবার পতাকা অর্ধনমিত থাকবে

জাতীয়
উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতীয় শোক ঘোষণা, মঙ্গলবার পতাকা অর্ধনমিত থাকবে
নিউজ ডেস্ক
২১ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। নিহতদের প্রতি সম্মান জানাতে ও আহতদের প্রতি সংহতি প্রকাশে মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। আগুন ধরে যায় পুরো ভবনে। এতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুর্ঘটনায় এখন পর্যন্ত ১ জন বিমানসেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন, যাদের মধ্যে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরাও রয়েছেন। তাদের মধ্যে ৩৫ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক শোকবার্তায় বলেন,

“এটি জাতির জন্য এক গভীর বেদনার মুহূর্ত। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছি।”

সরকার এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যৌথভাবে তদন্তে অংশ নেবে বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, সেনাবাহিনী ও বিজিবি উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুল ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না।