উত্তরায় বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ১৯ জনের মৃত্যু, জানালো ফায়ার সার্ভিস

জাতীয়
উত্তরায় বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ১৯ জনের মৃত্যু, জানালো ফায়ার সার্ভিস
নিউজ ডেস্ক
২১ জুলাই ২০২৫

ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন অন্তত ১৯ জন। নিহতদের মধ্যে পাইলট ছাড়াও স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় কয়েকজন রয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি, যাদের অধিকাংশই দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি।

সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করা বিমানটি কিছু সময় পরই নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুলের একটি ভবনে আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমান এবং ভবন দুটিতেই আগুন ধরে যায়, মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আতঙ্ক।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এবং ৬টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও যুক্ত হয়। দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু হয় এবং প্রায় ৩ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তরা আধুনিক হাসপাতালে প্রায় ৫০ জন গুরুতর দগ্ধ ব্যক্তি ভর্তি হয়েছেন, যাদের অনেকেই এখনও শঙ্কামুক্ত নন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, দগ্ধদের মধ্যে অনেক শিশু ও কিশোর রয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে সব ধর্মীয় উপাসনালয়ে নিহতদের জন্য প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে।

সরকার এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। জানা গেছে, বিমান বাহিনীর একাধিক কর্মকর্তা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এতে থাকবেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, “বিধ্বস্তের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের ইউনিট দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

আইএসপিআরের তথ্যমতে, বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।