মাইলস্টোন ট্র্যাজেডি: সরকার শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে

জাতীয়
মাইলস্টোন ট্র্যাজেডি: সরকার শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে
নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. নিহতদের নাম-ঠিকানা প্রকাশ,
২. আহতদের নির্ভুল তালিকা প্রকাশ,
৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা,
৪. ক্ষতিপূরণ প্রদান,
৫. ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ প্লেন বাতিল এবং
৬. বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে দাবি মেনে নেওয়ার ঘোষণা সত্ত্বেও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ প্রশমিত হয়নি। তারা ঘটনাস্থলে অবস্থান নিয়ে ‘ভুয়া ভুয়া’ ও ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন। এ সময় কিছু শিক্ষার্থী পুলিশের দিকে জুতা ও বোতল ছোড়ে। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে পড়ে।

অবস্থা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। কলেজের ৫ নম্বর ভবনের ভেতরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ আরও একজন উপদেষ্টা আটকে আছেন বলে জানা গেছে।

এর আগে সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা কলেজের সামনের গোলচত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা সাড়ে ১২টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি কথা না বললে আন্দোলনকারীরা উত্তরা বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধের হুমকি দেন।

উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ভবনে অনেক শিক্ষার্থী ক্লাসে অবস্থান করছিলেন।