মাইলস্টোন ট্র্যাজেডি

প্রধান উপদেষ্টার সহায়তা পোস্ট ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হলো, রহস্য ঘনীভূত

জাতীয়
প্রধান উপদেষ্টার সহায়তা পোস্ট ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হলো, রহস্য ঘনীভূত
নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে ভয়াবহ প্রাণহানির ঘটনার পরপরই ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ সংগ্রহের আহ্বান জানিয়ে একটি পোস্ট দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। তবে সেই পোস্টটি ফেসবুকে প্রকাশের ৩০ মিনিটের মধ্যেই রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টার কিছু পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ওই পোস্টে বলা হয়,
“মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য যারা সাহায্য করতে চান, তারা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান পাঠাতে পারেন।”

পোস্টটিতে তহবিলের একটি ব্যাংক হিসাব নম্বরও সংযুক্ত করা হয়। কিন্তু আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পোস্টটি হঠাৎ করে সরিয়ে ফেলা হয়। এ নিয়ে প্রেস উইং বা সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সরিয়ে নেওয়ার পেছনে প্রশাসনিক সমন্বয়ের অভাব, যথাযথ অনুমতি না থাকা অথবা পরিস্থিতি বিবেচনায় ‘পাবলিক অ্যাপিল’ না করার সিদ্ধান্ত হতে পারে বলে রাজনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা মনে করছেন।

বিশিষ্ট প্রশাসনিক বিশ্লেষক মো. আলাউদ্দিন বলেন,
“এ ধরনের তহবিল আহ্বান রাষ্ট্রীয় পর্যায়ে উচ্চ সংবেদনশীল বিষয়। অনুমোদন বা আর্থিক লেনদেনের স্বচ্ছতা না থাকলে সেটি বিতর্ক তৈরি করতে পারে। সম্ভবত সেই বিবেচনায় পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে।”

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে রয়েছেন একজন পাইলট, একজন শিক্ষিকা এবং ২৯ জন শিক্ষার্থী।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পরই সেটি দুর্ঘটনায় পড়ে আগুন ধরে যায়।

বিমান বিধ্বস্তের ভয়াবহতা ও প্রাণহানির প্রেক্ষাপটে সাহায্যের আহ্বানকে অনেকে মানবিক দৃষ্টিভঙ্গি হিসেবে দেখলেও, পোস্টটি কেন দ্রুত সরিয়ে নেওয়া হলো, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্টটি শেয়ার করলেও পরে সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।