মাইলস্টোন দুর্ঘটনা
আহতদের সহায়তায় ভারত পাঠাচ্ছে চিকিৎসক দল ও সরঞ্জাম
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের সহায়তায় দ্রুত চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে ভারত। অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসার লক্ষ্যে দিল্লি থেকে একটি অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বিত মেডিকেল টিম শিগগিরই ঢাকায় এসে পৌঁছাবে।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিক মানবিক সহায়তার নির্দেশ দিয়েছেন।
প্রাথমিকভাবে একটি দলে থাকবে অগ্নিদগ্ধ রোগী চিকিৎসায় প্রশিক্ষিত চিকিৎসক, প্লাস্টিক সার্জন, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ও অপারেশন থিয়েটার নার্স। তাদের সঙ্গে আসবে উচ্চক্ষমতাসম্পন্ন পোর্টেবল চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ। আহতদের প্রাথমিক অবস্থা যাচাই করে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ভারতে স্থানান্তরের পরামর্শও দিতে পারে দলটি।
ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানান, “মাইলস্টোনের দুর্ঘটনা আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। আমরা এই দুঃসময়ে বাংলাদেশের পাশে আছি। চিকিৎসা সহায়তা ছাড়াও অন্যান্য সহায়তার বিষয়েও আমরা প্রস্তুত আছি।”
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে পুরো ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম চালানো হবে বলে জানায় হাইকমিশন। ইতোমধ্যেই ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহতদের চিকিৎসা সংক্রান্ত জরুরি তথ্যও চাওয়া হয়েছে।
২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠসংলগ্ন এলাকায় একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ব্যাপক বিস্ফোরণের ফলে শিক্ষার্থীসহ বহু মানুষ দগ্ধ ও আহত হন। এখন পর্যন্ত ৩০ জনের বেশি শিক্ষার্থীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


