মাইলস্টোন দুর্ঘটনায় নিহত শিক্ষকদের রাষ্ট্রীয় সম্মাননা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার ঘোষণা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত শিক্ষকদের স্মরণে বৃহস্পতিবার সকালে (২৪ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকের শুরুতেই দুর্ঘটনায় প্রাণ হারানোদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়। এরপর এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই সম্মাননার ধরন ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি হবে দেশের শিক্ষাক্ষেত্রে এক নজিরবিহীন পদক্ষেপ।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় আগামীকাল (২৫ জুলাই) দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সমন্বয় করতে বলা হয়েছে।
বৈঠকে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনকে ত্বরিত ও মানবিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।


