উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু, নিখোঁজ ৫: মাইলস্টোন কর্তৃপক্ষ
রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ২২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক ও ২ অভিভাবক। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে স্কুল কর্তৃপক্ষ।
বিমানটি ২১ জুলাই দুপুর ১টা ১২ মিনিটের দিকে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাসে অবস্থিত একটি দোতলা ভবনে আছড়ে পড়ে। তখন স্কুল ছুটি হয়ে গেলেও কয়েকজন শিক্ষার্থী অভিভাবকদের অপেক্ষায় ছিলেন। বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫১ জন, যাদের মধ্যে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্টাফরা। নিখোঁজ রয়েছেন ৫ জন।
ঘটনার পরপরই সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব ও বিমানবাহিনীর উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় এবং বাংলাদেশ বিমানবাহিনী গঠন করে একটি বিশেষ মেডিকেল সমন্বয় সেল।
মাইলস্টোন কর্তৃপক্ষ জানায়, নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল প্রশাসন একটি তদন্ত কমিটিও গঠন করেছে।
অন্যদিকে, আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে, আর আহত ১৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং অনুযায়ী, জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন ১১ জন, সিএমএইচ-এ ৯ জন এবং আরও ৫৭ জন দগ্ধ অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
স্কুল কর্তৃপক্ষ, সরকারের বিভিন্ন সংস্থা এবং দেশজুড়ে সাধারণ মানুষ এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে।


