উত্তরায় বিমান দুর্ঘটনায় আরও এক নারীর মৃত্যু, নিহত বেড়ে ৩৫

জাতীয়
উত্তরায় বিমান দুর্ঘটনায় আরও এক নারীর মৃত্যু, নিহত বেড়ে ৩৫
নিউজ ডেস্ক
২৬ জুলাই ২০২৫

উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম মাসুমা (৩৮)। শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন,

“মাসুমার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।”

এর আগে সকালে একই হাসপাতালে মারা যায় জারিফ নামের এক শিক্ষার্থী, যার মৃত্যু ঘটে সকাল ৯টা ১০ মিনিটে। ফলে দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ জনে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শুক্রবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন জানান,

“বর্তমানে এই ঘটনায় আহত ৪০ জন চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাদের আইসিইউতে রাখা হয়েছে।”

গত সোমবার, ২১ জুলাই, উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন কলেজ মেইন ক্যাম্পাসে একটি প্রশিক্ষণযুদ্ধ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই কয়েকজন মারা যান এবং অনেকেই দগ্ধ হন। আহতদের দ্রুত রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়, বেশিরভাগকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এই দুর্ঘটনার পর থেকে তদন্ত চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।