যুক্তরাষ্ট্র নির্বাচনে পক্ষ নেয় না, অবাধ ও সুষ্ঠু ভোট চায়: ট্রেসি অ্যান জ্যাকবসন

জাতীয়
যুক্তরাষ্ট্র নির্বাচনে পক্ষ নেয় না, অবাধ ও সুষ্ঠু ভোট চায়: ট্রেসি অ্যান জ্যাকবসন
নিউজ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ফের স্পষ্ট বার্তা দিলো যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন আজ জানিয়েছেন, “আমরা কোনো দলের পক্ষ নিচ্ছি না, আমাদের একমাত্র আগ্রহ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।”

সোমবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এই বক্তব্য দেন জ্যাকবসন। তিনি বলেন, “গুজব বা ষড়যন্ত্র নয়—বাস্তবতা দেখতে এসেছি। যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে রাজনৈতিক অস্থিরতা নয়, শান্তিপূর্ণ প্রক্রিয়াই চায়।”

বৈঠকে যুক্তরাষ্ট্র নির্বাচন কমিশনের প্রস্তুতি, স্বচ্ছতা, প্রযুক্তি ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেয়। উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক প্রধান ডেভিড মো ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ট্রেসি জ্যাকবসন বলেন, “অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন যে কাঠামো তৈরি করছে, তাতে আমাদের আস্থা আছে। আমরা প্রত্যাশা করি, আগামী নির্বাচনে দেশের মানুষ তাদের ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা পাবে।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলের ইতিহাসে এমন সময় এসেছে, যখন গণতন্ত্র ও জবাবদিহিতার মানদণ্ড আরও শক্তভাবে প্রতিষ্ঠিত হতে পারে। তাই নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি জনগণের ভবিষ্যতের জন্য একটি সম্ভাবনার জানালা।”

বাংলাদেশে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচন ঘিরে উত্তেজনা থাকলেও, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থান কিছুটা আশ্বস্ত করেছে নির্বাচন পর্যবেক্ষকদের।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন ‘ব্যালান্সড’ অবস্থান মূলত আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নির্বাচনকে গ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়ক হতে পারে।