চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয়
চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
নিউজ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষিতে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাতে তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতির সঙ্গে প্রকাশিত ছবিতে দেখা যায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন নুরের স্ত্রী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং যুগ্ম সম্পাদক হাসান আল মামুন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নুরের শারীরিক অবস্থা নিয়ে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি জানান,
“নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে, চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন। তার জীবন বাঁচাতে উন্নত চিকিৎসা জরুরি।”

মারিয়ার আবেদনের পরপরই প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্বাস্থ্য মন্ত্রণালয়কে নুরকে অবিলম্বে বিদেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন,
“এই ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। নুরের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা দরকার, সব করব।”

এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান।

আইন উপদেষ্টা জানান, ঘটনার তদন্তে বিচারপতি আলী রেজা-কে প্রধান করে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আগামীকাল (বুধবার) এ বিষয়ে গেজেট প্রকাশিত হবে এবং ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।

গত শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষ বাধে। এর কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণঅধিকার নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। এতে মারাত্মক আহত হন নুরুল হক নুর।

তারপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।