৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ

জাতীয়
৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ
নিউজ ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০টি আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ২৬১টি আসনের সীমানা অপরিবর্তিত রাখা হলেও বাকি ৩৯টি আসনের সীমানায় আনা হয়েছে পরিবর্তন। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে গাজীপুর ও বাগেরহাট জেলায়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. আখতার আহমেদ।

তিনি জানান, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণে গঠিত বিশেষ কমিটির সুপারিশ ও গণশুনানির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সীমানা পুনর্নির্ধারণের ফলে গাজীপুরে একটি নতুন আসন যুক্ত হয়ে মোট আসনের সংখ্যা দাঁড়িয়েছে ৬টি। অপরদিকে, বাগেরহাটে একটি আসন কমিয়ে রাখা হয়েছে ৩টি। বিশ্লেষকরা মনে করছেন, জনসংখ্যা ও প্রশাসনিক পুনর্বিন্যাসের ভিত্তিতেই এই পরিবর্তন এসেছে।

ইসির তথ্যমতে, সীমানা সংক্রান্ত খসড়া প্রকাশের পর মোট ১,৮৯৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১,১৮৫টি ছিল আপত্তি এবং ৭০৮টি ছিল পরামর্শ বা সুপারিশ। এসব আবেদন এসেছে দেশের ৩৩টি জেলার ৮৪টি আসন থেকে।

২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চার দিন ধরে দাবি-আপত্তির ওপর গণশুনানি করে ইসি। শুনানি শেষে আবেদনসমূহ যাচাই-বাছাই করে চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেয় কমিশন।

সচিব বলেন, “ইসি পক্ষ-বিপক্ষের মতামত গুরুত্বের সঙ্গে নিয়েছে। প্রয়োজনে খসড়ায় আংশিক সংশোধন করে চূড়ান্ত তালিকা করা হয়েছে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নতুন সীমানার ভিত্তিতে। রাজনৈতিক দলগুলো এখন প্রস্তুতি শুরু করেছে এই সীমানা অনুযায়ী প্রার্থী বাছাই ও প্রচার কৌশল সাজাতে।