ড. ইউনূসের ঈদ-ই-মিলাদুন্নবী বার্তা: বিশ্বশান্তির জন্য নবীজির আদর্শ অনুসরণই যথার্থ পথ
বিশ্বমানবতার কল্যাণ ও শান্তির জন্য মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণই যথার্থ পথ হতে পারে বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বাণীতে তিনি এই বার্তা দেন।
বাণীতে ড. ইউনূস বলেন, “ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী (সা.)-এর অনুপম জীবনচরিত এবং সুন্নাহ বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শ। এই আদর্শ অনুসরণেই নিহিত রয়েছে মানবজাতির মুক্তি, শান্তি ও ন্যায়ের বার্তা।”
তিনি আরও বলেন, “হজরত মুহাম্মদ (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, তিনি ছিলেন সমগ্র মানবতার প্রতি আল্লাহর রহমত। তাঁর শিক্ষা ও আদর্শ বিশ্বকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছে।”
ড. ইউনূস স্মরণ করিয়ে দেন, কোরআনের ভাষায় মহানবী (সা.) ছিলেন ‘সিরাজাম মুনিরা’—আলোকোজ্জ্বল প্রদীপ, যিনি কুসংস্কার, বৈষম্য, অবিচার ও দাসত্বের বিরুদ্ধে সংগ্রাম করে গড়ে তুলেছেন ন্যায়ের সমাজ। তিনি বলেন, “নবীজির দেখানো পথই আমাদেরকে ইহকাল ও পরকালের সফলতার পথে পরিচালিত করতে পারে।”
মিলাদুন্নবীর এই মাহেন্দ্রক্ষণে ড. ইউনূস বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, “মহানবী (সা.)-এর জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার এখনই সময়। বিভাজন নয়, সংহতি, শান্তি ও প্রগতিই হোক মিলাদুন্নবীর বার্তা।”
শেষে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম জাহানকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর শুভেচ্ছা জানান এবং মহানবী (সা.)-এর আদর্শ লালনের মাধ্যমে মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।


