ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল ইসলাম

জাতীয়
ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে: ইসি আনোয়ারুল ইসলাম
নিউজ ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে ভোটের পরিবেশ সম্পূর্ণ অনুকূল রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, “নির্বাচন ঘিরে কোনো অনিশ্চয়তা নেই, কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির কোনো তথ্য আসেনি।”

রোববার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আনোয়ারুল ইসলাম জানান, ভোটারসংখ্যার ভিত্তিতে জেলা পর্যায়ে গড় ও মোট আসনের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে জনসংখ্যা, কোথাও ভৌগোলিক অখণ্ডতা, আবার কোথাও প্রশাসনিক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে তিনি স্বীকার করেন, “শতভাগ জায়গায় এক নিয়মে সীমানা নির্ধারণ সম্ভব হয়নি।”

ভোট আদৌ হবে কি না—এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন,

“এই প্রশ্ন আমাকেও অনেকে করেন। আমি বলবো, ভোট হবে বলেই আমরা রোডম্যাপ ঘোষণা করেছি। এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই।”

নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, “প্রায় সব প্রতিবেদন কমিশনের হাতে এসেছে। এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।” তবে নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তির সুযোগ রাখা হবে বলেও জানান তিনি।

প্রস্তাবিত আরপিও (নিবাচনী আইন) সংশোধনী নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই এটি চূড়ান্ত হবে। যদি কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকে, তা সমন্বয় করা হবে।”