বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শোক

জাতীয়
বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শোক
নিউজ ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫

সমাজতান্ত্রিক চিন্তাধারায় বিশ্বাসী, ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক, খ্যাতনামা বুদ্ধিজীবী ও লেখক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “বদরুদ্দীন উমর শুধু একজন লেখক বা শিক্ষাবিদ ছিলেন না, তিনি ছিলেন মুক্তচিন্তা, প্রগতিশীল রাজনীতি এবং তাত্ত্বিক সমাজবিজ্ঞানের এক উজ্জ্বল পথিকৃত। তার জীবন ও কর্ম প্রজন্মের পর প্রজন্মকে আলো দেখাবে।”

শোকবার্তায় উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে বদরুদ্দীন উমরের অবদান বাংলাদেশের উচ্চশিক্ষা ও চিন্তাচর্চায় এক অনন্য দৃষ্টান্ত। ঔপনিবেশিক মানসিকতার বিরুদ্ধেই নয়, তিনি সমাজে বিদ্যমান শোষণ ও বৈষম্যের বিরুদ্ধেও ছিলেন সক্রিয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধান উপদেষ্টা বলেন, “তিনি ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জুলাই আন্দোলনকে তিনি উপমহাদেশের গণঅভ্যুত্থানের এক যুগান্তকারী অধ্যায় হিসেবে দেখেছেন, যা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিপক্বতা প্রকাশ করে।”

জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরকে বর্ণনা করা হয় “তাত্ত্বিকের চেয়েও বেশি, একজন পথিকৃৎ” হিসেবে। ড. ইউনূস বলেন, “তিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন। রাষ্ট্র তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে তার বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক অবদানকে সম্মান জানিয়েছে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার রচনাসমগ্র হবে চিন্তার বাতিঘর।”

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন বদরুদ্দীন উমর। আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

শোকবার্তায় তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।