জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী, নির্দেশনার অপেক্ষায়
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। তবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি, জানিয়েছেন সেনাসদরের মিলিটারি অপারেশন্সের পরিচালক কর্ণেল মো. শফিকুল ইসলাম।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসে অফিসার্স মেসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
“সরকারের পক্ষ থেকে নির্বাচনকে কেন্দ্র করে বার্তা পেয়েছি। কমিশনের কাছ থেকেও শিগগির নির্দেশনা আশা করছি। প্রস্তুতি আমাদের রয়েছে। নির্দেশনা এলেই আমরা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মাঠে কাজ করব,” বলেন কর্নেল শফিকুল।
ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই
সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল ইসলাম জোর দিয়ে বলেন,
“ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর কোনো দায়িত্ব বা সংশ্লিষ্টতা নেই। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নানা তথ্য ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও বলেন, কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তবে সেসব সাধারণ মানুষ বিশ্বাস করছে না। সেনাবাহিনী এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাবে না, তবে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।
‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোয় অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কিছু কর্মকর্তা সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছেন—এমন অভিযোগ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত রয়েছে।
“তাদের উদ্দেশ্য জনগণ ভালো করেই জানে,” বলে মন্তব্য করেন কর্নেল শফিকুল ইসলাম।
বর্তমানে সেনাবাহিনী তাদের প্রশিক্ষণ ও সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করছে, যাতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত মাঠে নামা যায়। নির্বাচনকালে সেনাবাহিনী সাধারণত নিরাপত্তা সহায়তা, সহিংসতা নিয়ন্ত্রণ এবং ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রাখে।


