দুদকের মামলায় গ্রেপ্তার শিবলী রুবাইয়াত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ দুপুরে শিবলী রুবাইয়াতকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে চলতি বছরের ১৬ এপ্রিল শিবলী রুবাইয়াত, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, সদ্য নিবন্ধিত ‘শ্রীপুর টাউনশিপ লিমিটেড’ নামের একটি কোম্পানিকে কেন্দ্র করে ভূয়া মূল্যায়নের মাধ্যমে এক হাজার কোটি টাকা উত্তোলন করা হয়।
বিনিয়োগ নিরাপত্তা কমিশনের তদারকির অভাবে এবং ক্ষমতার অপব্যবহারে প্রভাবশালী মহল এই অর্থ প্রথমে একটি ব্যাংক হিসাবে জমা রাখে, পরে ২০০ কোটি টাকার এফডিআর করে এবং অবশিষ্ট অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ করে বলে অভিযোগ রয়েছে।
দুদকের অনুসন্ধানে আরও জানা যায়, এই অর্থের একটি বড় অংশ বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ কয়েকটি প্রতিষ্ঠানে হস্তান্তর করা হয়। এরপর নানা ‘সন্দেহজনক লেনদেন’ এবং নগদ উত্তোলনের মাধ্যমে অর্থপাচার করা হয়েছে বলে অভিযোগ।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে শিবলী রুবাইয়াতকে গ্রেপ্তার করে দুদক। তখন থেকে তিনি কারাগারেই রয়েছেন। আজকের আদেশে তিনি এই মামলায়ও গ্রেপ্তার দেখানো হলেন।


