ডাকসু নির্বাচন উপলক্ষে মেট্রো চলাচলে বিশেষ নির্দেশনা

জাতীয়
ডাকসু নির্বাচন উপলক্ষে মেট্রো চলাচলে বিশেষ নির্দেশনা
নিউজ ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় এলাকার মেট্রোরেল স্টেশনে যাত্রী ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে এই পদক্ষেপ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পুরো দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেট্রোরেল স্টেশনটি।

ডিএমটিসিএলের পক্ষ থেকে পাঠানো এক নির্দেশনায় জানানো হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের বিকল্প স্টেশন ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করবেন প্রথম স্তরে। দ্বিতীয় স্তরে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশপথে মোতায়েন থাকবে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে।

চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, প্রয়োজনে সেনাবাহিনী ভোটকেন্দ্রে প্রবেশ করে নিয়ন্ত্রণ নিতে পারবে এবং ভোট গণনার সময় পর্যন্ত ভোটকেন্দ্র কর্ডন করে রাখবে।

নির্বাচন ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও, অনেকে মনে করছেন এমন কড়াকড়িতে পরিবহন চলাচলে ও শিক্ষার্থী যাতায়াতে কিছুটা ভোগান্তি হতে পারে।

এবারের ডাকসু নির্বাচন ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে, যা নিয়ে শিক্ষার্থী মহলে রয়েছে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা। নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় নজিরবিহীন নিরাপত্তা বজায় থাকবে বলে জানিয়েছে প্রশাসন।