রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, চরম ভোগান্তিতে অফিসযাত্রী ও শিক্ষার্থীরা

জাতীয়
রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, চরম ভোগান্তিতে অফিসযাত্রী ও শিক্ষার্থীরা
নিউজ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫

রাজধানী ঢাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার প্রভাবে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, দেখা দিয়েছে যানবাহনের সংকট, ফলে নিত্যযাত্রায় নেমেছে বিশৃঙ্খলা।

মগবাজার থেকে মতিঝিলগামী অফিসকর্মী তৌহিদুর রহমান বলেন,

“বৃষ্টির কারণে রিকশা, বাস কিছুই ঠিকমতো পাওয়া যাচ্ছে না। রাস্তা ভিজে গেছে, অনেক জায়গায় হাঁটাও কষ্টকর হয়ে উঠেছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগে আগামী তিন দিন পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন,

“ঢাকায় আজ দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে। শুধু আজ নয়, আগামী তিন দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।”

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (১৮৮ মিমি পর্যন্ত) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির কারণে রাজধানীর বাড্ডা, মিরপুর, পুরান ঢাকা, রামপুরা ও মালিবাগ এলাকার কিছু সড়কে পানি জমে গেছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে হাঁটতে গিয়েও ভোগান্তির শিকার হতে হচ্ছে।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে যানজট দেখা দিয়েছে, যা স্বাভাবিক দিনের তুলনায় বেশি।

রাস্তায় যানবাহনের সংকটের কারণে সময়মতো স্কুলে পৌঁছাতে পারেনি অনেক শিক্ষার্থী। অভিভাবকরাও সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ভেজা রাস্তা ও ছাতা নিয়েও কাদা-মাটি এড়িয়ে হাঁটা কষ্টকর হয়ে উঠেছে।