আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ, তড়িঘড়ি ক্লোজ তিন পুলিশ কর্মকর্তা

জাতীয়
আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ, তড়িঘড়ি ক্লোজ তিন পুলিশ কর্মকর্তা
নিউজ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন পুলিশ কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে ক্লোজ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পুলিশের যথাযথ প্রস্তুতি না থাকায় তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্লোজ হওয়া কর্মকর্তারা হলেন:

এ কে এম মেহেদী হাসান – সহকারী পুলিশ কমিশনার (এসি), মোহাম্মদপুর জোন,আব্দুল আলীম – পরিদর্শক (অপারেশন),মাসুদুর রহমান – উপ-পরিদর্শক (ডিউটি অফিসার)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক আদেশে এদের মধ্যে এসি মেহেদী হাসানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএমপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, কমিশনারের কড়া নির্দেশ ছিল— থানা এলাকায় আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কার্যক্রম হলে পুলিশকে তাৎক্ষণিকভাবে সজাগ থাকতে হবে। কিন্তু শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা দায়িত্বে অবহেলা করছেন এবং মাঠের চেয়ে বিশ্রামে বেশি সময় কাটাচ্ছেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. নজরুল ইসলাম ওই সময় এলাকায় পরিদর্শনে গেলে বিষয়টি সরাসরি প্রত্যক্ষ করেন। এরপরই সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে ক্লোজ করার মৌখিক নির্দেশ দেন তিনি।

ঘটনার পর ডিএমপির মুখপাত্র কিংবা সংশ্লিষ্ট কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। এসএন নজরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার ফোন ও মেসেজ পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে মাঠপর্যায়ে এই ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আচমকা ক্লোজ হওয়ায় স্থানীয় থানা ও জোনে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিকুল আহমেদ সাংবাদিকদের বলেন:

“পুলিশ বাহিনী একটি ডিসিপ্লিন ফোর্স। যা হয়েছে, সেটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমরা প্রকাশ্যে মন্তব্য করতে চাই না।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজধানীতে যেকোনো ধরনের রাজনৈতিক মিছিল বা সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে ডিএমপি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কমিশনারের কড়া নির্দেশনা অনুযায়ী, সব থানাকে রাজনৈতিক কার্যক্রমের খবর পেলে তাৎক্ষণিক মাঠে নামার জন্য বলা হয়েছে।

মোহাম্মদপুরের ঘটনাটি এই নির্দেশনার ব্যত্যয়ের প্রমাণ বলেই মনে করছে পুলিশ সদর দফতরের একটি অংশ।