বিমান ভাড়ায় আটকে আছে হজ প্যাকেজ

জাতীয়
বিমান ভাড়ায় আটকে আছে হজ প্যাকেজ
নিউজ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫

আগামী বছরের হজ পালনে সময় গড়িয়ে চললেও এখনো হজ প্যাকেজ ঘোষণা করতে পারেনি বাংলাদেশ সরকার। ফলে নিবন্ধন প্রক্রিয়ায় দেখা যাচ্ছে আশানুরূপ সাড়া মিলছে না। সৌদি আরবের নির্ধারিত সময় অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময় বাকি আছে এক মাসেরও কম, কিন্তু প্রাথমিক নিবন্ধনে অংশ নিয়েছেন মাত্র এক হাজারের কিছু বেশি মানুষ।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ২৭ জুলাই। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে ৪ লাখ টাকা জমা দিতে হচ্ছে। তবে হজ প্যাকেজ চূড়ান্ত না হওয়ায় বেশিরভাগ হজপ্রত্যাশী দ্বিধায় রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হজ প্যাকেজ ঘোষণা বিলম্বের মূল কারণ হচ্ছে বিমান ভাড়া এখনো নির্ধারিত হয়নি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে দরকষাকষি চলমান রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ১৭ সেপ্টেম্বর সচিবালয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ধর্ম মন্ত্রণালয় বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার অনুরোধ জানায়। জানা গেছে, বিমান প্রস্তাবিত ভাড়া দিচ্ছে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা (শুল্কসহ), যা ধর্ম মন্ত্রণালয় প্রত্যাখ্যান করেছে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মনে করছে, বিমান ভাড়া এক হাজার ডলারের মধ্যে না রাখা হলে সাধারণ হজযাত্রীদের জন্য চাপ আরও বাড়বে। সংগঠনের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি যৌক্তিক ভাড়া না হয়, তাহলে আমরা আন্দোলনে যাবো।”

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। তবে সৌদি আরবের রোডম্যাপ অনুযায়ী প্রাথমিক নিবন্ধনের শেষ সময় ১২ অক্টোবর—যা আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চলতি বছরে সরকারি ব্যবস্থাপনায় হজ করতে প্যাকেজ-১ এর আওতায় খরচ হয়েছে ৪ লাখ ৭৮ হাজার টাকা, প্যাকেজ-২ এ ৫ লাখ ৭৫ হাজার টাকা। বেসরকারিভাবে সর্বনিম্ন খরচ ছিল ৪ লাখ ৮৩ হাজার টাকা। তবে ২০২৬ সালের হজ খরচ কিছুটা কমানোর লক্ষ্যে কাজ চলছে।

মন্ত্রণালয় সূত্র বলছে, সৌদি আরব থেকে বেশিরভাগ খরচের হিসাব ইতোমধ্যে পাওয়া গেছে। বাকি কিছু আনুমানিক হিসাবের ভিত্তিতে চলতি সপ্তাহের মধ্যেই প্যাকেজ ঘোষণা করার চেষ্টা চলছে। তবে বিমান ভাড়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত পুরো প্যাকেজ ঘোষণা সম্ভব নয়।