জলাবদ্ধতা মোকাবিলায় মাঠে ডিএসসিসির ওয়ার্ডভিত্তিক ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’
রাজধানীজুড়ে টানা বর্ষণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তবে পরিস্থিতি সামাল দিতে দ্রুত নেমে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ওয়ার্ডভিত্তিক গঠিত ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২২ সেপ্টেম্বর) ডিএসসসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রোববার রাত থেকে রাজধানীতে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়, যা দক্ষিণ সিটির বেশ কয়েকটি এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি করে।
বৃষ্টির কারণে গ্রিন রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শান্তিনগর, বেইলি রোড, কাকরাইল, পল্টন, সাত মসজিদ রোড ও ধানমন্ডি এলাকায় পানি জমে যায়। তবে ডিএসসিসি জানিয়েছে, বেশিরভাগ এলাকায় ইতোমধ্যেই জলাবদ্ধতা নিরসন করা হয়েছে।
ডিএসসসির পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি সামাল দিতে তারা ৩টি ধাপে কাজ করছে:
ওয়ার্ডভিত্তিক কর্মীদের মাঠে নামানো হয়েছে, যারা বর্জ্য অপসারণ ও নালা পরিষ্কারে নিয়োজিত,অস্থায়ী পোর্টেবল পাম্প বসিয়ে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে,কমলাপুরে স্থাপিত হাই-প্রেশার ভার্টিক্যাল পাম্প দিয়ে অতিরিক্ত পানি দ্রুত সরানো হচ্ছে।
তবে সিটি করপোরেশনের মতে, বেশ কয়েকটি এলাকায় খাল ও পানিনিষ্কাশনের আউটলেটের পানির স্তর প্রায় সমান হয়ে যাওয়ায় নিষ্কাশন প্রক্রিয়ায় ধীরগতি লক্ষ্য করা গেছে। ফলে কিছু এলাকায় পানি সরে যেতে সময় লাগছে।
জলাবদ্ধতা বা অন্য যেকোনো জরুরি সমস্যায় দ্রুত ব্যবস্থা নিতে ডিএসসিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নম্বর ০১৭০৯৯০০৮৮৮ এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।


