আগামী নির্বাচন হবে নতুন যুগের সূচনা: প্যারিসের মেয়রকে ড. ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,
“আগামী সাধারণ নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে।”
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর), নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্যারিসের মেয়র অ্যানে হিদালগো’র সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এসব কথা বলেন তিনি।
বৈঠকে দু’জন নেতার মধ্যে আলোচনা হয় বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর ও নির্বাচন,রোহিঙ্গা শরণার্থী সংকট,সামাজিক ব্যবসা ও অলিম্পিক আয়োজন,SDG বাস্তবায়নে সহযোগিতা।
ড. ইউনূস বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন একটি ভিত্তিমূলক ঘটনা হবে, যা বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রাকে আরও সুসংহত করবে।”
ড. ইউনূস জানান, তিনি প্যারিস ২০২৪ অলিম্পিককে একটি সামাজিক ব্যবসার মডেলে রূপান্তর করার জন্য কাজ করছেন। ভবিষ্যতের সব অলিম্পিককে কার্বন নিরপেক্ষ করতে বৈশ্বিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা ইস্যুতে উভয় নেতা উদ্বেগ প্রকাশ করেন। মেয়র হিদালগো বলেন,
“একদিন রোহিঙ্গারা যেন সম্মান ও নিরাপত্তা নিয়ে মিয়ানমারে ফিরে যেতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।”
ড. ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে, যার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ খোঁজা হবে।
প্যারিসের মেয়র বলেন,
“আপনার নেতৃত্ব ও অঙ্গীকার মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত।”
তিনি বাংলাদেশের চলমান রূপান্তর প্রক্রিয়ায় ড. ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।
ড. ইউনূস মেয়র হিদালগোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।


