নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, কেউ ফাউল করতে নামবে না: সিইসি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, কেউ ফাউল করতে নামবে না—এই আশায় আমরা প্রস্তুতি নিচ্ছি।”
তিনি জানান, নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, রমজানের আগেই ভোট অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা হবে ভোটের দুই মাস আগে, আইন অনুযায়ী।
সিইসি বলেন, অতীতেও (১৯৯১, ১৯৯৬, ২০০৮) ভোটের আগে অস্থিরতা থাকলেও শেষ পর্যন্ত সব শান্ত হয়েছিল। এবারও তেমনটি হবে বলে আশাবাদী তিনি।নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতে নির্বাচন কমিশন সর্বশক্তি প্রয়োগ করবে।
সিইসি সাফ জানিয়ে দেন, নির্বাচন হবে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী। তিনি বলেন, “সংখ্যানুপাতিক (PR) পদ্ধতির দাবি থাকলেও তা আরপিওতে নেই। আইন না বদলালে সেই পথে যাওয়া সম্ভব নয়।”
সিইসি জানান, কানাডা সফরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভোট নিয়ে আগ্রহ দেখা গেছে। তিনি বলেন, “আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে যাচ্ছে।”
তবে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে প্রচারণা চালানো এখনো চ্যালেঞ্জের বিষয় বলেও জানান তিনি।
সেপ্টেম্বরের মধ্যে নতুন দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের লক্ষ্য থাকলেও কিছু দলের বিষয়ে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের কারণে সময় লাগছে।
‘শাপলা’ প্রতীক নিয়ে এনসিপি ও নাগরিক ঐক্যের দ্বন্দ্ব প্রসঙ্গে সিইসি বলেন, প্রতীক বরাদ্দ নিয়ে কমিশন বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হওয়া উচিত। সংলাপে কারা ডাক পাবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


