নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এটি পরিচালনায় নির্বাচন কর্মকর্তাদের সততা ও নিরপেক্ষতা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।”
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ এ তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সারা দেশের প্রায় ৮৫০ জন জেলা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশ নেন।
সিইসি বলেন,
“সরকারের পূর্ণ আস্থা রয়েছে নির্বাচন কমিশনের ওপর। এ আস্থার মর্যাদা রাখতে আমাদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে। কারও পক্ষে বা বিপক্ষে কাজ করার সুযোগ নেই।”
তিনি আরও বলেন,
“আমরা কোনো দলের হয়ে নির্বাচন পরিচালনা করব না। সৎ থেকে দায়িত্ব পালন করলেই কমিশনের ওপর আস্থা আরও দৃঢ় হবে।”
তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন,
“আপনারা আল্লাহকে সাক্ষী রেখে আজ শপথ করুন যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।”
সেই মুহূর্তে উপস্থিত কর্মকর্তারা হাত তুলে শপথ করেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন,
“আমরা সময়ের এক কঠিন ক্রসরোডে দাঁড়িয়ে আছি। অতীতে নির্বাচনের নামে যা হয়েছে, তা ছিল একটি পচা প্রক্রিয়া। আর সেখান থেকেই জন্ম নিয়েছে জুলাইয়ের অভ্যুত্থান।”
তিনি আরও বলেন,
“ভবিষ্যতে আর কোনোভাবে প্রহসনের নির্বাচন হতে দেওয়া যাবে না। ইসি আপনাদের (মাঠ কর্মকর্তাদের) পক্ষপাতমূলক কাজে চাপ দেবে না, এমনকি ইঙ্গিতও দেবে না। যিনি অনিয়ম করবেন, দায়ভার তাকেই নিতে হবে।”
সিইসি নাসির উদ্দিন বলেন,
“এই নির্বাচনকে ঘিরে আমরা বিশেষ পরিকল্পনা নিচ্ছি। চ্যালেঞ্জ থাকবেই— চোখে দেখা যায় এমন চ্যালেঞ্জ যেমন আছে, তেমনি অদেখা চ্যালেঞ্জও রয়েছে। এজন্য সবাইকে বিশেষভাবে প্রস্তুত থাকতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিনা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার, এবং ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।


