কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরিনা — সিইসি নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি সচরাচর টেলিফোনে কথা বলেন না। নির্বাচন সংক্রান্ত মতবিনিময়ে অংশ নেওয়া বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশে এ মন্তব্য করেন তিনি।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের সমাপনী বক্তব্যে সিইসি বলেন,
“ফোনে আলোচনা করলে সেটি রেকর্ড হয়ে ফাঁস হওয়ার ঝুঁকি থাকে। তাই আমি ফোনে কথা বলা এড়িয়ে চলি। অনেকে তাই ভেবে নেন, আমি ফোন ধরিই না।”
তিনি প্রতিনিধিদের উদ্দেশে বলেন,
“আপনারা সরাসরি আমার সঙ্গে দেখা করুন। প্রয়োজনে লিখিতভাবে প্রস্তাব দিন। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা।”
নাসির উদ্দিন জানান, কেবল কল রেকর্ডই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তিগত হস্তক্ষেপ ও গুজব নিয়েও নির্বাচন কমিশন সতর্ক রয়েছে। তিনি বলেন,
“আমরা এই প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো মোকাবেলায় খুবই সিরিয়াসলি কাজ করছি।”
স্বচ্ছ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে সিইসি আরও বলেন,
“আমরা ফের আনছি পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা। আগে অনিয়ম হলে ভোটকেন্দ্র বাতিল হতো, এখন দরকার হলে আসন বাতিল করব।”
তিনি জানান, বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে এবং দেশীয় পর্যবেক্ষকদেরও যথাসম্ভব নিবন্ধনের সুযোগ দেওয়া হবে।
সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশে সিইসি আহ্বান জানান:
“মানুষকে উৎসাহিত করুন ভোটে অংশ নিতে। নির্বাচন কমিশনের একার পক্ষে সব কিছু সম্ভব নয়, আপনাদের সহযোগিতায় আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারব।”
তিনি আশ্বাস দিয়ে বলেন,
“আগের মতো আর হবে না। এবার আমরা আপনাদের দেওয়া পরামর্শ বাস্তবায়নের চেষ্টা করব।”


