হজের খরচ কমলো, সরকারী ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা

জাতীয়
হজের খরচ কমলো, সরকারী ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা
নিউজ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫

২০২৬ সালের পবিত্র হজ পালনে সর্বনিম্ন খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এবার হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় থাকছে তিনটি প্যাকেজ—যার মধ্যে ‘প্যাকেজ-৩’ প্রথমবারের মতো আজিজিয়া এলাকায় আবাসনের সুযোগ এনে দিয়েছে। বিমান ভাড়া কমানোয় আগের বছরের তুলনায় এবারের খরচ কিছুটা কমছে, যদিও সৌদি আরবের স্বাস্থ্যবিমা ও তাঁবু ভাড়া বৃদ্ধির কারণে সামগ্রিক ব্যয় তেমনটা কমছে না।

তিনটি হজ প্যাকেজের মূল তথ্য

প্যাকেজ-১ (বিশেষ):
মক্কায় হারাম শরীফ থেকে ৭০০ মিটারের মধ্যে আবাসন, মারকাজিয়ায় থাকার সুযোগ এবং উন্নত খাবার ও সেবাসহ খরচ: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্যাকেজ-২:
১.২ থেকে ১.৮ কিলোমিটার দূরত্বে আবাসন এবং ডি ক্যাটাগরির সার্ভিস, খরচ: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা

প্যাকেজ-৩ (সাশ্রয়ী):
আজিজিয়া এলাকায় আবাসন, মদিনায় সেন্ট্রাল এলাকার বাইরে থাকার ব্যবস্থা, এসি বাসে নামাজে যাতায়াতের সুবিধা, খরচ: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা

হজ এজেন্সিসমূহের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। সরকার অনুমোদিত এই প্যাকেজ গ্রহণ করে এজেন্সিসমূহ অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর বিমানভাড়া কমানো হয়েছে। তবে ২০২৬ সালের হজে সৌদি সরকার স্বাস্থ্যবিমার পরিমাণ বৃদ্ধি করেছে ১৩০ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ২৭০ টাকা।

মিনা ও আরাফায় তাঁবু ভাড়া ৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নুসুক মাসার প্ল্যাটফর্মে ‘দমে শোকর’ বাবদ ৭২০ সৌদি রিয়াল তথা ২৩ হাজার ৬৫২ টাকা জমাদান বাধ্যতামূলক করা হয়েছে। এ বছর প্রথমবারের মতো ‘দমে শোকর’ বাবদ টাকা হজ প্যাকেজে অন্তর্ভুক্ত করে প্যাকেজ ঘোষণা করা হয়েছে।