বাংলাদেশ-চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে: ড. মুহাম্মদ ইউনূস
বাংলাদেশ ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে দুই দেশের শীর্ষ নেতারা শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন। শনিবার (৪ অক্টোবর) এই বার্তা বিনিময়ের মাধ্যমে উদযাপিত হয় দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের এই মাইলফলক।
বাংলাদেশের নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর ধরে দুই দেশের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীলভাবে বিকশিত হয়েছে এবং সহযোগিতায় ফলপ্রসূ সাফল্য এসেছে— যা উদযাপনের যোগ্য।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দুই দেশের মধ্যে সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে নতুন সাফল্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’
অন্যদিকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, “বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় চীন। এই বার্ষিকী হচ্ছে সেই সম্পর্ককে আরও সমৃদ্ধ করার এক দুর্দান্ত সুযোগ।” তিনি আরও জানান, “চীন উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে যৌথ উন্নয়ন কার্যক্রম এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে প্রস্তুত।”
বিশেষজ্ঞদের মতে, এই বার্তা বিনিময় দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ককে আরও জোরদার করবে এবং বাণিজ্য, অবকাঠামো, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।


