২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, অনেকেই ভোট দিতেন : সিইসি

জাতীয়
২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, অনেকেই ভোট দিতেন : সিইসি
নিউজ ডেস্ক
৬ অক্টোবর ২০২৫

ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (০৬ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে সংলাপে তিনি জানান, হালনাগাদ কার্যক্রমে প্রায় ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে, যারা অতীতে ভোটদান প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংলাপে সিইসি এই তথ্য জানিয়ে বলেন, “ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই আগে ভোট দিয়ে যেত।”

সিইসি নাসির উদ্দিন আসন্ন নির্বাচনকে ‘আয়নার মতো স্বচ্ছ’ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, যারা নির্বাচনে দায়িত্ব পালন করেন—যেমন প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবী—তাদের পাশাপাশি প্রবাসীসহ যাদের আগে ভোট দেওয়ার সুযোগ ছিল না, তাদের জন্য এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সোমবার টিভি মিডিয়া ও প্রিন্ট/অনলাইন সাংবাদিকদের সঙ্গে পৃথকভাবে সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে মোট ৫০ জন সাংবাদিক অংশ নেন। ইসি জানিয়েছে, আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপের পর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসার পরিকল্পনা রয়েছে। সিইসি সংলাপে আসা সব মতামত বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও জানান।