৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত
সরকার রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ দুটি দিন — ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি — জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৭ অক্টোবর শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী এবং ২৫ ফেব্রুয়ারি বিডিআর ট্র্যাজেডির দিনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে প্রতিবছর বিশেষ আয়োজনে পালন করা হবে। এই সিদ্ধান্তের অংশ হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয় ইতোমধ্যে একটি স্মারক ক্যালেন্ডার তৈরির কাজ শুরু করেছে।
৭ অক্টোবর আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৭টায় ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে আবরারের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র অনুযায়ী, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও ঘটনাবলিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে জাতীয় স্মরণকালীন উৎসবসূচি তৈরি করছে সংস্কৃতি মন্ত্রণালয়। এই উদ্যোগের মধ্য দিয়ে শুধু রাজনৈতিক বার্তা নয়, ইতিহাস ও ন্যায়ের পক্ষে সাংস্কৃতিক প্রতিবাদও রাষ্ট্রীয়ভাবে চর্চিত হবে বলে আশা করা হচ্ছে।


