রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণে সহযোগিতা করবে তুরস্ক
রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ইমামদের প্রশিক্ষণে সহায়তা করতে যাচ্ছে তুরস্কের অন্যতম ধর্মীয় সংস্থা দিয়ানাত ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও ধর্ম মন্ত্রণালয়ের গাইডলাইন অনুসরণে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে দিয়ানাত ফাউন্ডেশনের প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়। বৈঠকে ফাউন্ডেশনটির ডেপুটি জেনারেল ম্যানেজার রেসেপ সুকুর বলকান নেতৃত্ব দেন।
ধর্ম উপদেষ্টা বলেন, “বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক ঐতিহাসিক এবং আস্থাভিত্তিক। আমরা ধর্মীয়, সামাজিক ও মানবিক উন্নয়নে তুরস্কের সহায়তা আন্তরিকভাবে গ্রহণ করি।”
তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পের ইমামদের প্রশিক্ষণের পাশাপাশি স্বাস্থ্য, স্যানিটেশন, পরিবেশ এবং জীবনমান উন্নয়নে দিয়ানাত ফাউন্ডেশন কাজ করবে। এতে রোহিঙ্গা জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা বাড়বে।
প্রতিনিধি দলের প্রধান রেসেপ সুকুর বলকান বলেন, “বাংলাদেশে মানবিক খাতে কাজ করতে আমরা আগ্রহী। রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ধর্মীয় ও সামাজিক উন্নয়ন প্রকল্পে অংশ নিতে চাই।”
তিনি বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দিয়ানাত ফাউন্ডেশন এই অগ্রযাত্রায় পাশে থাকতে চায়।
ধর্ম উপদেষ্টা ফাউন্ডেশনকে দ্রুত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন এবং ভবিষ্যতে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরেরও আশ্বাস দেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, তুর্কি দূতাবাসের ধর্মীয় সমন্বয়ক, দিয়ানাত ফাউন্ডেশনের দক্ষিণ এশিয়া-প্যাসিফিক প্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তারা।


