জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল

জাতীয়
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পেছাল
নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৫

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে পূর্বনির্ধারিত বুধবারের পরিবর্তে অনুষ্ঠানটি আগামী ১৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ অক্টোবর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, অনুষ্ঠানটি একটি ‘ঐতিহাসিক ঘটনা’। তাই আগ্রহী জনগণের সুবিধার জন্য সাপ্তাহিক ছুটির দিনটি বেছে নেওয়া হয়েছে।

সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি ১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকার ওপর জোর দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার নির্বাচনী সংবাদ সংগ্রহ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) উচিত হবে সাংবাদিকদের সহযোগিতা চাওয়া, কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকা ‘অনস্বীকার্য’।

সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন অতীতের ভুলগুলো তুলে ধরে বলেন, “২০০৮ সালের পর থেকে বহু ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। …মেজরিটি ভোটারদের বাদ রেখে একজন ব্যক্তি দীর্ঘদিন দেশ পরিচালনা করেছেন—এর দায় শুধু আওয়ামী লীগের নয়, দেশের সব নাগরিকেরই রয়েছে।”

তাঁর মতে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ইসিকে অবশ্যই গণমাধ্যমকর্মীদের সঙ্গে বৈঠক করা উচিত, বিশেষত যখন মনে হচ্ছে “সরকার যেমনভাবে নির্বাচন চায়, নির্বাচন কমিশনের অবস্থানও অনেকটা তেমনই।”