ইতালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক হবে না, জানালেন প্রেস সচিব

জাতীয়
ইতালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক হবে না, জানালেন প্রেস সচিব
নিউজ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে রোম সফরে গেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল রোববার (১২ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

ফোরামের মূল অধিবেশনে তিনি বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে, যেখানে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনায় অংশ নেবেন।

এদিকে সফর নিয়ে কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয় যে, অধ্যাপক ইউনূস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। তবে এই তথ্য অস্বীকার করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রবিবার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে শফিকুল আলম লিখেছেন, “এই সফরে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠক নির্ধারিত ছিল না। বাসস বা অন্য কোনো সংবাদমাধ্যম এই তথ্য যাচাই করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।”

তিনি আরও বলেন, সফরের মূল উদ্দেশ্য হলো ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক।

প্রেস সচিব আশা প্রকাশ করেন, যেসব সংবাদমাধ্যম এই বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে, তারা সঠিক তথ্য যাচাই করে সংশোধনী প্রকাশ করবে।