মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে, আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে কসমিক ফার্মা নামের একটি প্রতিষ্ঠানের গার্মেন্টস ও কেমিক্যাল গুদামে আগুন লাগে। খবর পেয়ে মাত্র ১৬ মিনিটের মধ্যে—বেলা ১১টা ৫৬ মিনিটে—ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, “এখন পর্যন্ত পাঁচটি ইউনিট কাজ করছে। আরও তিনটি ইউনিট রওনা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।”
উল্লেখ্য, রাজধানী ও আশপাশের শিল্প এলাকায় কেমিক্যাল ও গার্মেন্টস গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা দিন দিন বাড়ছে। এর আগে ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে ফেমাস কেমিক্যালে আগুনে ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ চারজনের মৃত্যু হয়।
সাম্প্রতিক এসব ঘটনায় গোডাউন ব্যবস্থাপনা ও অগ্নিনিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।


