বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কাছ থেকে কাজ করছে রোবট
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সঙ্গে এবার যুক্ত হয়েছে অত্যাধুনিক রোবট এবং তিন বাহিনীর সদস্যরা। আগুনের ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রথমবারের মতো ‘রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট’ নামানো হয়েছে আগুন নেভানোর কাজে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। ঘটনার পরপরই দমকল বাহিনীর ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বিকেল নাগাদ বিমানবাহিনীর দুটি ইউনিট, সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে অভিযানে অংশ নেয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনের তীব্রতা এত বেশি যে, ফায়ার ফাইটারদের সরাসরি এগিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে বিশেষভাবে তৈরি ‘রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট’ ব্যবহার করা হচ্ছে, যা কাছ থেকে আগুনে পানি ছিটিয়ে নিয়ন্ত্রণে সহায়তা করছে।
এই রোবট নিজস্ব সেন্সরের মাধ্যমে আগুনের উৎস শনাক্ত করতে পারে এবং ফায়ার ফাইটারদের সাহায্য ছাড়াই আগুনে পানি বা ফোম নিক্ষেপ করতে সক্ষম।
অগ্নিকাণ্ডের ফলে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো বিমানবন্দর এলাকা। দূর থেকে দৃশ্যমান ধোঁয়ার কুণ্ডলী শহরের বিভিন্ন প্রান্ত থেকেও দেখা যায়। এ অবস্থায় সতর্কতা হিসেবে উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তবে বিমানবন্দর এলাকায় অগ্নিনির্বাপন কাজে সংশ্লিষ্ট সব বাহিনী সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমানবাহিনীর দুটি ইউনিট এবং নৌবাহিনী সম্মিলিতভাবে পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে।


