এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ানো হলো, কার্যকর ১ নভেম্বর থেকে
দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে অর্থ বিভাগ। তাদের বাড়িভাড়া ভাতা বাড়িয়ে মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব মরিয়ম মিতু।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষক ও কর্মচারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাতা প্রদানের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত আরোপ করা হয়েছে।
যেসব শর্ত মানা বাধ্যতামূলক
-
ভবিষ্যতে জাতীয় বেতনস্কেলের সঙ্গে ভাতার সমন্বয় হতে পারে
-
‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা’ অনুযায়ী নিয়োগের শর্ত মেনে চলতে হবে
-
কোনোভাবেই বকেয়া দাবি তোলা যাবে না
-
অর্থবিভাগের সকল আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে
-
অনিয়ম ঘটলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকেই দায়ী করা হবে
এছাড়া, সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত জিও (সরকারি আদেশ) জারি করে চার কপি অর্থ বিভাগে পাঠাতে হবে পৃষ্ঠাঙ্কনের জন্য।
এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি জানানো শিক্ষক ও কর্মচারীরা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও একাংশ মনে করছেন, বর্তমান বাজারে এই ভাতার পরিমাণ এখনো পর্যাপ্ত নয়, তবে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।
প্রজ্ঞাপনের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।


