অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে, জানালেন তাজুল ইসলাম

জাতীয়
অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে, জানালেন তাজুল ইসলাম
নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে সংঘটিত গুম ও খুনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন আদালতে মোট তিনটি মানবতাবিরোধী অপরাধ মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়, যাতে ২৫ জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাসহ মোট ৩২ জনকে অভিযুক্ত করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার শুনানির সময় রাষ্ট্রীয় নিপীড়ন, গুম এবং বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তুলে ধরা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দিনের শুনানি শেষে ট্রাইব্যুনাল মোট ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে, তা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কারা কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

আদেশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, এবং ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনসহ আরও ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা।

সকাল থেকেই কাকরাইল, পল্টন ও মৎস্য ভবন এলাকায় ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। বিজিবি, র‍্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত নিরাপত্তা বলয় পুরো আদালত প্রাঙ্গণ ঘিরে রাখে।

সবুজ রঙের একটি প্রিজন ভ্যানে করে অভিযুক্তদের ট্রাইব্যুনালে আনা হয়। এই সময় আদালত চত্বরে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রিত ছিল এবং নিরাপত্তা চৌকস ছিল নজরকাড়া।