পুরোনো মিডিয়া হাউজের লোকরা চান না নতুন গণমাধ্যম আসুক: তথ্য উপদেষ্টা মাহফুজ
দেশে নতুন গণমাধ্যম প্রতিষ্ঠার পথে পুরোনো মিডিয়া মালিকরা বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তথ্য উপদেষ্টা বলেন,
“পুরোনো মিডিয়া হাউজের বড় বড় লোকেরা চান না দেশে নতুন গণমাধ্যম আসুক। তারা পুরোনো বন্দোবস্তে থাকতে চায়। কিন্তু আমি নতুন প্রজন্মের মানুষ, আমি নীতিমালা অনুসরণ করেই নতুন গণমাধ্যমের অনুমোদন দেব।”
তিনি আরও বলেন, “বিভিন্ন পক্ষ থেকে বাধা আসলেও আমি নতুন গণমাধ্যমের অনুমোদন দিয়ে যাব। প্রয়োজনে ব্যক্তিগত ত্যাগও স্বীকার করব। এখন মিডিয়া সেক্টরে ফ্রেশ ব্লাড ও ফ্রেশ পার্সপেক্টিভের প্রয়োজন।”
সাংবাদিকদের বেতন কাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মাহফুজ আলম বলেন,
“আমরা বিজ্ঞাপনের হার বাড়াতে যাচ্ছি এবং প্রচারসংখ্যার নীতিমালা নতুনভাবে নির্ধারণ করা হবে। তবে যেসব গণমাধ্যম এসব সুবিধা পাবে, তাদের সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো মেনে চলতে হবে।”
তথ্য উপদেষ্টা আরও জানান, টেলিভিশন নীতিমালা ও ডিজিটাইজেশন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে। এতে টেলিভিশন খাতে কয়েকশ কোটি টাকার রাজস্ব (Revenue) বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।


