শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেওয়া সম্ভব নয়

জাতীয়
শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেওয়া সম্ভব নয়
নিউজ ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫

নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক এখনও কোনো রাজনৈতিক দলের জন্য নির্ধারিত হয়নি। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। এখন পর্যন্ত শাপলার বিষয়ে আমাদের আগের অবস্থানই অটুট।”

আখতার আহমেদ আরও জানান, আরপিও সংশোধনের আগে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ সময় আলোচনায় ছিল। “এ পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় দেখা যায়নি। তাই অনুমাননির্ভর মন্তব্য করা ঠিক হবে না।” তিনি আরপিও প্রস্তাবনাগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একই সঙ্গে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের সংখ্যাও ঘোষণা করেছে। দেশের ৬৪ জেলার ৩০০টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি। এর মধ্যে পুরুষদের জন্য কক্ষ রয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি। সব মিলিয়ে মোট ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

সিনিয়র সচিব জানান, প্রাথমিকভাবে ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি কেন্দ্রে গড়ে প্রায় ৩ হাজার ভোটার ভোট দেবেন। প্রয়োজনে পরবর্তীতে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে।

খসড়া তালিকার সঙ্গে তুলনা করলে দেখা যায়, মোট ভোটকেন্দ্রের সংখ্যা কিছুটা বেড়েছে, তবে ভোটকক্ষের সংখ্যা সামান্য কমেছে।