শেষ বৈঠক ঐকমত্য কমিশনের, সুপারিশ পেশ মঙ্গলবার

জাতীয়
শেষ বৈঠক ঐকমত্য কমিশনের, সুপারিশ পেশ মঙ্গলবার
নিউজ ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ আগামীকাল (২৮ অক্টোবর, মঙ্গলবার) অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করা হবে। দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সোমবার বিকেলে যমুনায় অনুষ্ঠিত কমিশনের সমাপনী বৈঠকে সুপারিশের খসড়া চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে কমিশনের গঠন থেকে শুরু করে আলোচনা ও চূড়ান্ত সুপারিশ পর্যন্ত সব ডকুমেন্ট, ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“এগুলো আমাদের জাতির ইতিহাসের অমূল্য দলিল। প্রজন্মের পর প্রজন্ম যেন জানতে পারে— কোন প্রেক্ষাপটে, কোন প্রক্রিয়ায় আমরা সিদ্ধান্তে পৌঁছেছি।”

তিনি আরও জানান, এসব দলিল ভবিষ্যতের গবেষণা, রাজনৈতিক আলোচনা ও সংস্কার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ বলেন,

“জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর সংস্কারের একটি কাঠামোগত রূপরেখা তৈরি করাই ছিল আমাদের প্রধান দায়িত্ব। রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, নাগরিক সমাজ— সবাই তাদের মতামত দিয়েছেন। মিল-অমিল থাকলেও সবাই পরিবর্তনের পক্ষে।”

তিনি জানান, কমিশন দায়িত্ব শেষ করেছে, তবে প্রয়োজনে সদস্যরা নাগরিক হিসেবে সহযোগিতা চালিয়ে যাবেন।

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন,

“জুলাইয়ের তাজা রক্ত যেন বৃথা না যায়— এজন্য সরকারকে সাহসিকতার সঙ্গে সংস্কার বাস্তবায়ন করতে হবে।”

বিচারপতি এমদাদুল হক বলেন,

“গণঅভ্যুত্থানে যেমন ঐক্য ছিল, কমিশনের কাজেও তার প্রতিফলন ঘটেছে।”

দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামানও দুদক সংস্কারে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা নির্দেশ দেন, যত বৈঠক, আলোচনা, চিঠিপত্র ও টেলিভিশনে প্রচারিত সংলাপ হয়েছে— সবকিছু বিষয়ভিত্তিকভাবে সংরক্ষণ করতে হবে। তিনি একে “ইতিহাসের চিরজীবন্ত দলিল” হিসেবে আখ্যা দেন।

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ৩১ অক্টোবর। তার আগে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করবে কমিশন।