আলেমদের সান্নিধ্যে থেকে চরিত্র গঠনের আহ্বান ধর্ম উপদেষ্টার
ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন বলেছেন, সমাজে শান্তি ও ন্যায়ের ভিত্তি গড়ে ওঠে উন্নত চরিত্রবান মানুষের মাধ্যমে। তাই প্রত্যেকের উচিত আলেমদের সান্নিধ্যে থেকে নিজের চরিত্র গঠন ও সংশোধন করা।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদরাসা মাঠে আয়োজিত ‘শানে রেসালাত সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, “মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্রে নিহিত। অর্থ, বংশপরিচয়, বিদ্যা বা পদমর্যাদা কোনো ব্যক্তিকে মহান করে না— উন্নত চরিত্রই তাকে সমাজে মর্যাদার আসনে বসায়।”
তিনি আরও বলেন, চরিত্রবান মানুষ সমাজে সৌহার্দ্য, শান্তি ও ন্যায়ের পরিবেশ তৈরি করে। বিপরীতে চরিত্রহীনতা থেকে জন্ম নেয় অনাচার, দুর্নীতি ও বিশৃঙ্খলা। তাই উন্নত চরিত্রই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় অলঙ্কার।
ধর্ম উপদেষ্টা বলেন, “চরিত্রহীন কাউকে জাতির আদর্শ বলা যায় না। জাতির আদর্শ হতে হলে উন্নত চরিত্র অর্জন করতে হবে, যেমন ছিল মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনে। আল্লাহ মানুষকে চরিত্রের পূর্ণতা প্রদর্শনের জন্যই তাঁকে পৃথিবীতে পাঠিয়েছেন।”
তিনি সমাজে সত্য, ন্যায়, নম্রতা ও সহানুভূতির চর্চা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি পাপাচার, সুদ, ঘুষ, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে অনুরোধ করেন।
ড. খালিদ হোসেন বলেন, “উন্নত চরিত্র ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না। তাই আসুন, আমরা আলেমদের কাছ থেকে শিক্ষা নিয়ে নিজেদের চরিত্র গঠন করি এবং একটি সুন্দর, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি।”


